রাজশাহী সুগার মিলের ৬২তম আখ মাড়াই মৌসুম শুরু, লক্ষ্যমাত্রা ৭০ হাজার টন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক ও চিনিকলের স্বার্থ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন তিনি।
চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।
এমপি মিলন বলেন, রাজশাহী বিভাগের ভারী শিল্প হিসেবে পরিচিত এ চিনিকল দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিনিশিল্পকে লাভজনক করতে আখের উৎপাদন বৃদ্ধি এবং মিলের কারিগরি সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ শিল্পের সঙ্গে হাজারো কৃষক, শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ওই সরকারের সময় দেশে খুন, গুম ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারের মুখোমুখি করা উচিত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডেরও নিন্দা জানান তিনি।
এ ছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব ঘটনার বিচার দাবি করেন। আসন্ন বিজয়ের মাস উপলক্ষে সবাইকে সজাগ থাকার এবং বিজয় উদ্যাপনের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ রক্ষায় গুরুত্বারোপ করেন তিনি।
রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।
এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও স্থানীয় আখচাষিরা অংশ নেন।
