Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চীনের সানইয়ায় পর্যটন ও উন্নয়ন দেখলেন আন্তর্জাতিক সাংবাদিকরা

চীন প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 62 বার পঠিত
চীনের সানইয়ায় পর্যটন ও উন্নয়ন দেখলেন আন্তর্জাতিক সাংবাদিকরা
ছবি : চীনের সানইয়ায় সফর শেষে বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা একসঙ্গে গ্রুপ ছবি তোলেন। ছবি: সংগৃহীত
Single News Top

চীন প্রতিনিধি: চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী পর্যটননগরী সানইয়ার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেছেন বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতারা।

১ থেকে ৬ নভেম্বর ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম সফরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। সফরে তাঁরা শহরটির পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্য, স্থানীয় সংস্কৃতি ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন।

সানইয়ার লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং শহরটির আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরেন।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ সফর অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন। বাস্তবায়নের দায়িত্বে ছিল চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

সফরকালে গণমাধ্যম প্রতিনিধিরা লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ, ওয়েস্ট আইল্যান্ড ও ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শন করেন। এসব স্থানে তাঁরা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী জেলেপল্লির জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন।

এ ছাড়া হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান ও সানইয়া জয় সিটি পরিদর্শন করেন তাঁরা। এসব স্থাপনা ঘুরে শহরটির পর্যটনশিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করেন।

কর্মসূচিতে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, আন্তর্জাতিক পর্যটনশিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটনের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থার আওতায় ৮৮টি দেশের নাগরিক সানইয়া ভ্রমণের সুবিধা পান। শহরটির সঙ্গে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।

আয়োজকদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে বিদেশি গণমাধ্যমকর্মীদের কাছে সানইয়ার পর্যটন সম্ভাবনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে শহরটির পরিচিতি আরও বাড়বে।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে