Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সৌদি আরব প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 50 বার পঠিত
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি : রিয়াদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত।ছবি: সংগৃহীত
Single News Top

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

পরে দিবসটি উপলক্ষে দূতাবাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে দিবসের শুভেচ্ছা জানান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনায় অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদদের স্মরণ করেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। ৭ নভেম্বরের ঘটনার পর পরিস্থিতিতে পরিবর্তন আসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা আনতে, কৃষি উন্নয়ন এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, জাতীয় সংকটের সময়ে দেশের প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা পূরণে দেশের নেতৃবৃন্দ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীরা অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ। তাঁদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। দেশের সমৃদ্ধি অর্জনে প্রবাসীদের অংশগ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ডা. গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম ও বিপ্লব হোসেন আজাদ।

আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে