Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

চীন সীমান্তে সামরিক প্রস্তুতি পরিদর্শনে রাজনাথ সিং, সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ 47 বার পঠিত
চীন সীমান্তে সামরিক প্রস্তুতি পরিদর্শনে রাজনাথ সিং, সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ
ছবি : চীন সীমান্তে সামরিক প্রস্তুতি পরিদর্শনে রাজনাথ সিং
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের সুকনায় ত্রিশক্তি কর্পসের (৩৩ কর্পস) অপারেশনাল প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পর্যালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীন সীমান্তে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সুকনায় ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর পরিদর্শনকালে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অবকাঠামো উন্নয়ন, উন্নত সামরিক সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তি মোতায়েনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং নেন রাজনাথ সিং।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ত্রিশক্তি কর্পসের সামরিক প্রস্তুতি ও সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কর্পসের ভূমিকার প্রশংসা করেন তিনি। এসব কার্যক্রম সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সম্পর্ক আরও দৃঢ় করছে বলেও উল্লেখ করেন।

সুকনাকে পূর্ব ভারতের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, এ অঞ্চলের ভৌগোলিক সংবেদনশীলতার কারণে সার্বক্ষণিক সামরিক প্রস্তুতি বজায় রাখা জরুরি। সম্মুখসারিতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে সরকার সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করছে।

আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তা চ্যালেঞ্জ এখন আর প্রচলিত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। হাইব্রিড ও প্রক্সি যুদ্ধ, সাইবার হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং তথ্যযুদ্ধের মতো নতুন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এ ক্ষেত্রে সাইবার নিরাপত্তা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সড়ক, টানেল, সীমান্ত অবকাঠামো এবং আধুনিক সামরিক সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে। ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় স্টার্টআপ ও শিল্পপ্রতিষ্ঠান ড্রোন, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করছে। সেনাবাহিনীও এসব প্রযুক্তি ব্যবহার করছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণন এবং ত্রিশক্তি কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মন রাজ সিং মান। দীপাবলির আগে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করেন রাজনাথ সিং।

সূত্র: প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), ভারত সরকার।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে