চীনের শেনজেনে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা
চীন প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীনের শেনজেন শহরে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চীন শাখা।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চীন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া চীনের বিভিন্ন স্থানে অবস্থানরত সংগঠনের নেতাকর্মীদের অনেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসাইন কানন।
আলোচনা সভায় বক্তব্য দেন চীন বিএনপির সিনিয়র নেতা শেখ মাহবুবুর রশীদ, মো. মনিরুল ইসলাম কবির, হাসমত আলী মৃধা জেমস, মোহাম্মদ রোমান, শাফিউল্লাহ, আব্দুস সালাম, সিয়াম আহমেদ, আকিদুল ইসলাম, আবির আহমেদ, মো. রাসেল আহমেদ, রেদওয়ান আহমেদ, আব্দুর রহিম ও রাশিদুল ইসলাম ফোজায়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া এস এম আল আমিন, সাহেল আহম্মেদ সাহিল ও হিমেল হিমুসহ আরও অনেকে ভার্চুয়ালি আলোচনা সভায় অংশ নেন।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সুখী, সমৃদ্ধ, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় চীনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ৭ নভেম্বরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চীন বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
