টানা চার মাস কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি খলিলুর রহমান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে টানা চার মাস জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খলিলুর রহমান। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন। সর্বশেষ অক্টোবর মাসের মূল্যায়নেও তিনি শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
একই সভায় টানা চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম। ‘ক’ ক্যাটাগরিতে তিনি এ স্বীকৃতি পান। এ ছাড়া মামলা যথাযথভাবে তদারকি ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার সততা, পেশাদারিত্ব, নৈতিকতা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
