Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ 63 বার পঠিত
লালমনিরহাট সীমান্তে পিস্তল-গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার
ছবি : বিজিবি কতৃক উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথ (আইস)।
Single News Top

লালমনিরহাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধার করা ক্রিস্টাল মেথ আসল কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ক্রিস্টাল মেথের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ আসল কি না, ল্যাব পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত করা হবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে