কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ সিক্সটিন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির আনতালিয়া শহরে আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, সফরকালে আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন তিনি।
বাংলাদেশের অন্যতম লক্ষ্য হবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোর দায়িত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপপ্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন চূড়ান্ত করার কাজ চলছে।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
