এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় ৮ জনের নামে মামলা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেছেন তিনি। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে তিনি এ মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে। পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন সংসদ সদস্য।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
এদিকে, সংসদ সদস্যের বাড়িতে আগুনের ঘটনা বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনেও আলোচনায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বাড়িতে আগুন লেগেছে, নাকি আগুন লাগানো হয়েছে, তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
