রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত হয়ে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৬০ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।
