বাঘা-চারঘাটে ডিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল-এস্কাফসহ গ্রেপ্তার ৩
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক সহযোগী পালিয়ে গেছে।
রাজশাহী জেলা পুলিশ মিডিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের লতিফ মোল্লার আমবাগানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
অভিযানকালে জিনারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিনারুল ইসলাম বাঘা উপজেলার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। এ সময় তার সহযোগী হামিদকুড়া গ্রামের সাগর (৪৫) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে আরেকটি অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩০ বোতল এস্কাফ সিরাপসহ রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঞ্জয় মন্ডল ওই গ্রামের হীরেন মন্ডলের ছেলে। অপর আসামি মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে। পুলিশ জানায়, মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, এসব ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
