ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই দফাদারের মৃত্যু
রংপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক দফাদার। তাঁর নাম জামশেদ আলী (৪৮)। তিনি উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্য ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহাসমাবেশে অংশ নিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে ছিলেন দফাদার জামশেদ আলীও।
শনিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
