রাজশাহীতে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-এস্কাফসহ গ্রেপ্তার ২
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের দুই সহযোগী পালিয়ে গেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের একটি দল রাত ১২টা ৪০ মিনিটে চারঘাট উপজেলার ইউসুফপুর জিরোপয়েন্ট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মিলনের সবজির দোকানের সামনে থেকে মোঃ রিংকু হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার রিংকু চারঘাট উপজেলার ইউসুফপুর কারিগরপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। এ সময় তাঁর সহযোগী একই উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মোঃ জাহিদ হাসান মান্না (২৩) পালিয়ে যায়। পুলিশ জানায়, রিংকুর বিরুদ্ধে চারঘাট থানায় ছয়টি এবং পলাতক মান্নার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, রাত ৩টা ৫০ মিনিটে বাঘা উপজেলার পাকুড়িয়া ঘোষপাড়া গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উঠানের মাটির চুলার পেছনে রাখা ধূসর রঙের কাপড়ের ব্যাগ থেকে ৩২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কায়েম উদ্দীন সরদারের ছেলে।
এ অভিযানের সময় তাঁর সহযোগী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার উদয়নগর বাংলাবাজার এলাকার মোঃ আনোয়ার ঢালীর ছেলে মোঃ রাসেল ঢালী (৩৬) পালিয়ে যায়। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও এস্কাফ সিরাপের ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট ও বাঘা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
