রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৬৮ মামলা, গ্রেপ্তার ১৫৯
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৬৮টি মামলা হয়েছে। এ সময়ে পরোয়ানা, সাজাপ্রাপ্ত, তদন্তাধীন ও অন্যান্য মামলায় মোট ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের প্রকাশিত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দায়ের হওয়া ৬৮টি মামলার মধ্যে দস্যুতার ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া অন্যান্য খাতে ৬৫টি মামলা হয়েছে। এ সময়ে ছয়টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১৫৯ জনের মধ্যে পরোয়ানামূলে ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১৯ জন, তদন্তাধীন মামলায় ৭১ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১০ জন রয়েছেন।
অভিযানে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১ গ্রাম হেরোইন, ৩৪৮ পিস ইয়াবা, ৯১ পিস ট্যাপেন্টাডল, ৩ লিটার চোলাই মদ এবং ২ কেজি ২২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময়ে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
