Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নিরপেক্ষ তদন্তের দাবি সুজনের

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 79 বার পঠিত
নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নিরপেক্ষ তদন্তের দাবি সুজনের
ছবি : রাজশাহীর এক নারী পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য নিয়ে তদন্তের দাবি উঠেছে।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনা ঘিরে প্রশ্ন উঠেছে। এ অর্থের উৎস ও লেনদেনের উদ্দেশ্য জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

ব্যাংক হিসাবের নথি অনুযায়ী, ২০২২ সালের ৩০ আগস্ট ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর একটি ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

টাকা স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর হিসাবে আরও বেশি অর্থও আসতে পারে। এ বিষয়ে টাকা প্রদানকারীর কাছে জানতে বলেন এবং সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নন বলে মন্তব্য করেন।

এর পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের পোশাক পরা অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সাবিহা আক্তারকে বৈঠক করতে দেখা গেছে বলে জানা গেছে।

অন্যদিকে, সাইফুল ইসলাম দাবি করেন, সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তির নগদ অর্থ তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিয়ে পরে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করা হয়েছিল। তাঁর ভাষ্য, উপকার করতে গিয়ে তিনি এখন বিপদে পড়েছেন। তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয় এবং অর্থের উৎস সম্পর্কে তিনি স্পষ্ট কোনো তথ্য দেননি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুজনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এত বড় অঙ্কের অর্থ লেনদেনের পেছনের কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা জরুরি।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজস্ব উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।

এদিকে, ব্যাংক হিসাবের নথিতে উঠে আসা ৪৯ লাখ টাকার লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট করতে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তের ফলাফল বা আর্থিক অনিয়মের প্রমাণ প্রকাশিত হয়নি।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে