প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদন ও প্রযুক্তি বিনিময়ে আগ্রহী বাংলাদেশ
নিউজ সিক্সটিন ডেস্ক: তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান এএসএফএটি (ASFAT) পরিদর্শন করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সফরে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এএসএফএটি সামরিক কারখানা ও নৌ-শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, প্রকল্প বাস্তবায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে কাজ করে।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তাদের কাছে প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন পণ্য, প্রকল্প ও উৎপাদন সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।
আলোচনায় সামরিক নৌযান ও নৌ-প্ল্যাটফর্ম, স্থলযানের সমন্বিত প্রযুক্তি, সামরিক কারখানা ও শিপইয়ার্ড আধুনিকায়ন, যৌথ উৎপাদন এবং সরবরাহব্যবস্থায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

উল্লেখ্য, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আগে থেকেই চলমান। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দল এএসএফএটি পরিদর্শন করেছেন। নৌবাহিনীর আধুনিকায়ন ও যুদ্ধজাহাজ নির্মাণসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
সাম্প্রতিক এ সফরকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এএসএফএটির আনুষ্ঠানিক বিবৃতি।
