বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শুরু যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
বান্দরবান প্রতিনিধি: যানবাহন রক্ষণাবেক্ষণে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ-২০২৬। গত ১ নভেম্বর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে কোর্স ওআইসি হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমইর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণের মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের যানবাহন রক্ষণাবেক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং যানবাহনের সঠিক ব্যবহার ও পরিচর্যা সম্পর্কে দক্ষ করে তোলা।

প্রশিক্ষণে ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, কারিগরি ত্রুটি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় মেরামতের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহারে দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি যানবাহনের অকাল বিকল হওয়া রোধ, মেরামত ব্যয় কমানো এবং সচল রাখার ক্ষেত্রেও প্রশিক্ষণটি ভূমিকা রাখবে।
আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে পার্বত্য বান্দরবানের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে বেকারত্ব হ্রাসের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
বান্দরবান রিজিয়নের এ উদ্যোগ ভবিষ্যতে বান্দরবানসহ দেশের অন্যান্য দুর্গম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
