Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ 59 বার পঠিত
ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের
ছবি : হালিশহরে আর্টিলারি সেন্টার ও স্কুলের অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের অস্ত্র, প্রযুক্তি ও প্রশিক্ষণে আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে পেশাগত উৎকর্ষ বজায় রেখে ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জন এবং সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত এসব আয়োজনের মধ্যে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন। সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় রেজিমেন্টের বর্তমান ও সাবেক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গত ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এ উপলক্ষে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে কর্নেল কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

একই আয়োজনে আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। পাঁচ দশক ধরে আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির অবদানের কথা স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার কর্মকর্তারা, আর্টিলারি রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে